Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। সরকারি হাসপাতালে শয্যা সংকটে রোগিরা চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায়। সেখানেও উপচে পড়া ভিড়। বেসরকারি হাসপাতালে গিয়েও শয্যার অভাবে ফিরতে হচ্ছে রোগীদের।  

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে তিনজন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন মারা গেছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বিভাগে নতুন রোগী করে ভর্তি হয়েছে ২৪২ জন। সর্বাধিক ১৬২ জন রোগী ভর্তি হয়েছে খুলনার বিভিন্ন হাসপাতালে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২৪২ জন রোগীর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন, খুলনা জেলা হাসপাতালে ৯৭ জন, যশোরে ৩৭ জন, বাগেরহাটে ১৭ জন। বিভাগের অন্যান্য জেলায় রোগী ভর্তির পরিমাণ তুলনামূলক কম। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৬৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৬ হাজার ৫৭৮ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

2 

বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। যার মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এছাড়া খুলনা অন্য হাসপাতালে ২ জন,বাগেরহাটে দুজন এবং যশোরে এক জনের মৃত্যু হয়েছে। 

বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৮৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮০ জন, খুলনা জেলায় ৩৮০ জন। 

এ ছাড়া বাগেরহাটের ১০৮ জন, যশোরে ৯৮ জন, মাগুরায় ১৪, নড়াইলে ২৩ জন, মেহেরপুরে ৬ জন, সাতক্ষীরায় ১৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, কুষ্টিয়া ১২ জন এবং ঝিনাইদহ ১৭ জন চিকিৎসাধীন আছেন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক শেখ মো. মোশারফ হোসেন বলেন, সরকারি হাসপাতাল বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেশি। আজ এখানে দুজনের মৃত্যু হয়েছে। লোকবল সংকট থাকার পরও আমরা চেষ্ঠা করছি রোগীদের যথাসাধ্য সেবা দিতে।

প্রতিনিধি/এএইচ