Dhaka Mail Logo

সারাদেশ

স্বামী-সন্তানদের চোখের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুমি আক্তার নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার প্রবাসফেরত স্বামী মাহমুদুল হাসান ও তাদের দুই সন্তান আহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার মাহমুদুল হাসানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দুপুরে স্বামী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে একটি দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন রুমি। বিরামপুর জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই সড়কে ছিটকে পড়েন।

তখন দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক রুমি আক্তারকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ও এর চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এমআর