Dhaka Mail Logo

সারাদেশ

গ্রেফতার হয়নি সানি শাহ, ব্রাহ্মণবাড়িয়ায় ছড়িয়ে পড়েছে গুজব

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সানি শাহ গ্রেফতার হয়েছেন— এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঢাকা মেইলকে জানান,সানি এখনও গ্রেফতার হয়নি। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

উল্লেখ, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সানি শাহের নেতৃত্বে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র টিএ রোড থেকে শুরু হয়। মিছিলে শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায়। ব্যানারে ‘প্রত্যাবর্তন ২.০, শেখ হাসিনা আসছে’ এবং ‘ডেডলাইন নভেম্বর, হেডলাইন ডিসেম্বর’ লেখা ছিল।

মিছিলটি টিএ রোড থেকে শুরু হয়ে থানা ব্রিজ হয়ে সদর থানা সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সানি শাহ বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ একত্রিত হয়েছে।

এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বাদী হয়ে ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

প্রতিনিধি/ এজে