Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় ২ যুবককে গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে এসে এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই করা স্বর্ণ দিয়ে তৈরি ছয়টি নাকফুল, দুটি কানের দুল ও দুটি কানের রিং উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— দিনাজপুরের কোতোয়ালি থানার ফুলবাড়ি বাসস্ট্যান্ড (নিমনগর) এলাকার মো. শামছুল হকের ছেলে আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০) এবং বিরামপুর থানার মামুনাবাদ এলাকার মো. আব্দুল মান্নান মির্জার ছেলে মো. রকিবুল ইসলাম রকিব (৩৩)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম বলেন, গত ২০ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৫১ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানার মির্জাপুর এলাকায় বিআরটিসি বাস ডিপোর সংলগ্ন সড়কে অপর্ণা ছাত্রীনিবাসের প্রধান ফটকের সামনে এ চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে এসে প্রকাশ্য দিবালোকে এক নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পরপরই ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বেলী রানী (২২) বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল ছিনতাইকারীদের শনাক্ত, তাদের অবস্থান যাচাই এবং ছিনতাই হওয়া স্বর্ণালংকার উদ্ধারে ছায়াতদন্ত শুরু করে।

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চিরিরবন্দর থানার কাঁউগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেল (৩০)কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আজমীর আহমেদ সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত ২টার দিকে বিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইকৃত স্বর্ণ দিয়ে তৈরি ছয়টি নাকফুল, দুটি কানের দুল ও দুটি কানের রিং উদ্ধার করা হয়। একই অভিযানে ছিনতাইয়ের ঘটনায় সহযোগী হিসেবে মো. রকিবুল ইসলাম রকিব (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

প্রতিনিধি/ এজে