জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরচাঁন সরদার নামে ৩৬ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত হয়েছেন নারীসহ ছয়জন।
মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিরচাঁন সরদার উপজেলার কোটাখোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যার সঙ্গে একই গ্রামের আজমল মুন্সির আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জেরে মঙ্গলবার সকালে শহিদুল মেম্বার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আজমল মুন্সি পক্ষের মিরচাঁন সরদার, সালাম মুন্সি, খাঁজা সরদার, সিয়ামিন সরদার, সারফিনা বেগমসহ ৬ জন কুপিয়ে আহত করে। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে মারা যান মিরচাঁন।
আহতদের মধ্যে সালাম মুন্সিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এসব অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সাবেক মেম্বার শহিদুল মোল্যা পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রতিনিধি/এমআর