জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট ও প্রতাপপুর বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির যন্ত্রাংশ, সুপারি, বিড়ি, জুস ও ফুচকা জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকাও জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দ করা পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি।
প্রতিনিধি/এমআর