Dhaka Mail Logo

সারাদেশ

‘সাক্ষরতা মানে শুধু স্বাক্ষর নয়, মানুষকে বুঝতে শেখানো’

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে চাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, ‘সাক্ষরতা বলতে শুধু স্বাক্ষর করাকে না বোঝার বিষয়টি আমাদের সবার ভালোভাবে উপলব্ধি করা দরকার। সাক্ষরতার প্রকৃত অর্থ হলো একজন মানুষকে পড়তে, লিখতে ও প্রয়োজনীয় বিষয় বুঝতে সক্ষম করে তোলা।’

জেলা প্রশাসক বলেন, শিক্ষা ও সাক্ষরতার মাধ্যমে মানুষের সচেতনতা বাড়ে। মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে পারে এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

f47fd1ae-d0cf-4d69-b828-d2b7a77de7fa

সভায় সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন এবং হিন্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম।

বক্তারা বলেন, মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। নিরক্ষরতা দূরীকরণ ও সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

র‌্যালি ও আলোচনা সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিনিধি/এসএস