Dhaka Mail Logo

সারাদেশ

বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ সময় তার কাছে থাকা ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত দুলালপাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাদেবপুর বাজারের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ। রাত ৯টার দিকে বাড়ির সামনে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এটি শুধু ছিনতাইয়ের ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা বা কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস