জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পিএম
উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েক দিন ধরেই রাত ও ভোরে হালকা কুয়াশার দেখা মিলছে। তবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাস বইতে থাকায় প্রকৃতিতে শীতের আগমনী বার্তা অনুভূত হয়েছে।
ভোরে ঘুম থেকে উঠেই শহর থেকে গ্রাম—সবখানেই চারপাশে ধোঁয়াটে কুয়াশার আবরণ দেখতে পান স্থানীয়রা। কুয়াশাচ্ছন্ন এমন মনোরম পরিবেশ উপভোগ করতে কেউ কেউ ভোরে হাঁটতেও বের হন।
পঞ্চগড় সদর উপজেলার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা আকতার হোসেন বলেন, দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভোর ও সন্ধ্যার আবহাওয়ায় ইতোমধ্যে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকালে কুয়াশা ও হালকা ঠান্ডা বাতাসে মনে হচ্ছে, পঞ্চগড়ের প্রকৃতিতে শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পাশাপাশি আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে যাওয়ার কারণে আবহাওয়ায় এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।
আবহাওয়া অফিসের এ কর্মকর্তা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রায়ই কুয়াশার দেখা মিলতে পারে। তবে আপাতত বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
তিনি জানান, কোনো কোনো এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত থাকতে পারে।
দিনের বেলায় গরমের অনুভূতি থাকলেও ভোর ও সন্ধ্যায় হালকা ঠান্ডা বাতাস এবং কুয়াশার উপস্থিতি পঞ্চগড়ের আবহাওয়ায় ঋতু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয়দের অনেকেই বলছেন, প্রকৃতিতে যেন ধীরে ধীরে শীতের আগমনী সুর বাজতে শুরু করেছে।
প্রতিনিধি/জেবি