উপজেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থীদের সুরক্ষা এবং সচেতনতা বাড়াতে নোয়াখালীর হাতিয়ায় সচেতনতামূলক সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুখচর মফিজিয়া উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মুজাহিদুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান, অভিভাবক মো. ফাহিম উদ্দিন ও প্রবাসী কামরুল ইসলাম নুর।

ইউএনও রাসেল ইকবাল বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অপরিহার্য। সন্তানরা কোথায় যায়, কী করে—সর্বোপরি তাদের চলাফেরার দিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু সমাজ বিনির্মাণে মাদক প্রতিরোধ করতেই হবে। এ ক্ষেত্রে সমাজের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও মাদক শুধু শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে না, পরিবার ও সমাজের ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইনের প্রয়োগ নয়, বিপথগামীদের কাউন্সেলিংয়ের মাধ্যমেও সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।
এ জন্য সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
প্রতিনিধি/এসএস