Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একাধিক মামলার এজাহারনামীয় আসামিসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) শহরের রেলগেট, সহদেবপুর ও মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনী মডেল থানা পুলিশ তাদের আটক করে।

​গ্রেফতার ব্যক্তিরা হলেন ফুলগাজীর জগতপুর এলাকার নাইমুর রহমান দুর্জয় ওরফে রাশেদ দুর্জয় (২৫), ফেনী সদরের ভালুকিয়া-কালিদহ এলাকার ইফতেখার আহাম্মদ ফাহিম (২০) এবং ছাগলনাইয়ার মধ্যম শিলুয়া এলাকার মো. শাহীনুর তন্ময় (২৬)।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিন দিনে গ্রেফতার ৩২৮

​পুলিশ জানায়, রাশেদ দুর্জয় গত আগস্টে ফেনী মডেল থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতার অন্য দুজনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা ও নাশকতার প্রাথমিক তথ্য পাওয়ায় তাদেরও এ মামলায় যুক্ত করা হয়েছে।

​পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে হামলায় অংশ নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে তারা সংগঠিত হয়ে আবার নাশকতার উদ্দেশে নতুন করে মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।

প্রতিনিধি/এসএস