Dhaka Mail Logo

সারাদেশ

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, দুই আসামির ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

ফরিদপুরে অটোভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনিয়ে নেওয়ার মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া মামলার আলামত নষ্ট করার দায়ে তাদের আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, একটি সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে।

আসামিরা অপরাধের সময় শিশু থাকায় তাদের বিচার শিশু আদালতে হয়েছে। বর্তমানে তাদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় জেলা কারাগারে সাধারণ বন্দীদের মতোই সাজা ভোগ করতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুর জেলা শিশু আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দুলারডাঙ্গী আশ্রয়কেন্দ্রের বাসিন্দা হারুন অর রশিদ (৪৪) অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে তিনি বাড়ি থেকে বের হন। সেদিন রাতে আর বাড়ি ফেরেননি। পরদিন ১৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় খালেক দেওয়ানের মেহগনি বাগান থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমুন বেগম (৪২) বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

২০২৫ সালের ২৫ মার্চ ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার দুই কিশোরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার পিপি গোলাম রব্বানী ভুঁইয়া বলেন, ‘এটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। একটি অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুই কিশোর এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ রায় এ ধরনের অপরাধ দমনে দৃষ্টান্ত হয়ে থাকবে।’

প্রতিনিধি/এসএস