Dhaka Mail Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিন দিনে গ্রেফতার ৩২৮

উপজেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ এএম

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় পুলিশের বিশেষ অভিযানে তিন দিনে ৩২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ সোমবার দিনভর অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে ৭ সেপ্টেম্বর দিনভর সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদকসেবী, মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার ১২২ জন ও রোববার ১০৬ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে টানা তিন দিনের বিশেষ অভিযানে ৩২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। শুধু মাঠপর্যায়ের অপরাধী নয়, তাদের মদদদাতা ও মূল হোতাদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা পেলে জেলাটিকে একটি শান্তিপূর্ণ মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস