Dhaka Mail Logo

সারাদেশ

টাই না পরায় শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্ধারিত টাই না পরায় এক শিক্ষার্থীকে অফিসকক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এরিবস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে।

 সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অক্টো অফিসের বিপরীতে অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী শিক্ষার্থীর মা মেহেরিন আক্তার জানান, তার ছেলে সূর্য (১৫) ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নির্ধারিত টাই না পরার কারণে তাকে শ্রেণিকক্ষ থেকে ডেকে প্রধান শিক্ষকের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রধান শিক্ষক ফারুক হোসেন বেত দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন।

অভিযোগে বলা হয়, মারধরের একপর্যায়ে সূর্য মাটিতে পড়ে গেলেও তাকে এলোপাতাড়ি বেত্রাঘাত করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ, নীলাফোলা ও রক্ত জমাটের মতো আঘাতের চিহ্ন দেখা যায়। মারধরের কারণে একপর্যায়ে তার দম বন্ধ হওয়ার উপক্রম হয় বলেও অভিযোগ করেন তার মা।

বিষয়টি জানতে পেরে মেহেরিন আক্তার স্কুলে গিয়ে ছেলের অবস্থা দেখেন। পরে প্রধান শিক্ষকের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তাকেও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় শিক্ষার্থীর বিচার ও নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মেহেরিন আক্তার।

শিক্ষার্থীর পরিবার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলমের কাছে অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

প্রতিনিধি/এসএস