জেলা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ এএম
লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখলচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্যরা হলেন রায়পুর উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন। ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ
আদালত সূত্র জানায়, গত ৩ জুলাই আসামিরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় হোটেলের মালিক হাবিব উল্যাকে একাধিকবার ভয়ভীতি দেখানোর অভিযোগও করা হয়।
এ ঘটনায় ৮ জুলাই হাবিব উল্যা বাদী হয়ে রায়পুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন। মামলায় ফয়সালসহ ছয়জনকে আসামি করা হয়। পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।