Dhaka Mail Logo

সারাদেশ

সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করছে প্রেস কাউন্সিল: চেয়ারম্যান

জেলা প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করছে। সাংবাদিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার আদায় ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্ব, সাংবাদিকতার নৈতিকতা, সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং গণমাধ্যমের পেশাদারিত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পেশাগত দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে।

Rajsahi2

তিনি বলেন, সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্রসহ আইনসম্মত পেশাগত অধিকার নিশ্চিত করা প্রয়োজন। একইসঙ্গে সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোকে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও পেশাগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন বিচারপতি আব্দুল হাকিম। একই সঙ্গে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

স্বাগত বক্তব্য দেন রাজশাহী পিআইডির উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।

কর্মশালায় রাজশাহী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন।

প্রতিনিধি/জেবি