জেলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম
যে সাঙ্গুর ঢেউ দেখে শুরু হয়েছে তাদের শিশুকাল, সেই সাঙ্গু নদীই কেড়ে নিল দুই ভাই-বোনের প্রাণ। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নে সাঙ্গু নদীতে ঘটে এই ঘটনা। এতে পাঁচ বছরের মোহাম্মদ মাহিন ও তার বড় বোন ছয় বছরের মাহিয়া আক্তারের মৃত্যু হয়।
তারা দুজনেই আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের সন্তান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউছুফ বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে দুই শিশুর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
তিনি আরও জানান, পরিবারের অগোচরে বাচ্চারা নদীতে নেমে পড়ে। সাথে সাথেই পানিতে তলিয়ে যায় দুই ভাই-বোন। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীর পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রতিনিধি/এলএ