জেলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে রাশেদুল ইসলাম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকা থেকে রোববার (৬ সেপ্টেম্বর) মাটিতে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশেদুল (১৭) কৃষ্ণমহেশপট্টি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে ইটভাটায় শ্রমিকের কাজ করত। গত ১০ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।
গ্রেফতার তিনজন হলেন- নেত্রকোনার শ্যামগঞ্জের কোকাইল গ্রামের মো. জসিম মিয়া, একই গ্রামের মোজ্জাম্মেল হোসেন ও রফিক মিয়া।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, নিখোঁজের পরদিন মুঠোফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পুলিশ তদন্তের একপর্যায়ে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে কোকাইল গ্রামের মো. জসিম মিয়াকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রাশেদুলের মরদেহের সন্ধান মেলে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/এলএ