জেলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্যরা সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
দুই দিনের ঠাকুরগাঁও সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতির নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিক নেতারা মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতিত স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড গঠনের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়।
সাংবাদিক নেতারা বলেন, মফস্বল সাংবাদিকেরা নানা সীমাবদ্ধতার মধ্যেও দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে কাজ করতে গিয়ে অনেক সাংবাদিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
জবাবে রাষ্ট্রপতি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, তাদের উত্থাপিত সমস্যা ও দাবিগুলো পূরণের বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও পেশাগত সহযোগিতা থাকলে গণমাধ্যম আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে।
মতবিনিময় সভায় রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস