Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

জেলা প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) পৃথক পাঁচটি বিশেষ অভিযান চালিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত থেকে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ভারতীয় মদ জব্দ করেছে। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

আটক মো. শামীম আকতার (২৬) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে গোবিন্দপুর বিওপির একটি দল হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বোটডাঙ্গী ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ২৬টি ইয়াবা বড়ি, একটি মোটরসাইকেল, একটি মুঠোফোন, দুটি সিমকার্ড ও একটি ব্লুটুথ ইয়ারবাডসহ শামীম আকতারকে আটক করা হয়। পরে তাকে জব্দ করা মাদক ও অন্যান্য মালামালসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

এ ছাড়া একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চাপসার বিওপির সদস্যরা হরিপুর উপজেলার ভাতুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০টি ইয়াবা বড়ি জব্দ করেন। রাত ৮টা ২০ মিনিটে চান্দুরিয়া বিওপির সদস্যরা পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৭টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেন।

একই রাতে দানাজপুর বিওপির সদস্যরা দস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৫৮টি ইয়াবা বড়ি উদ্ধার করেন।

এদিকে ৭ সেপ্টেম্বর ভোর ৪টা ৪৫ মিনিটে এনায়েতপুর বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার কইকুরি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

বিজিবি জানায়, এসব অভিযানে উদ্ধার করা মাদক, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৩০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস