Dhaka Mail Logo

সারাদেশ

যেকোনো শিল্পায়ন হতে হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

জেলা প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

পরিবেশের ক্ষতি করে কোনো শিল্পায়ন নয়, যেকোনো উন্নয়ন ও পরিকল্পিত শিল্পায়ন সম্পূর্ণ পরিবেশবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে আকিজ ইস্পাত কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষণ ও খাল ভরাটের অভিযোগ শুনে সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

b20e8720-c466-4e49-b4f2-992958266247

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নতির জন্য উৎপাদনের দরকার, শিল্পায়নের দরকার। কিন্তু সেটা হতে হবে পরিবেশবান্ধব। লক্ষ্য রাখতে হবে, যেন পরিবেশের ক্ষতি না হয়। কারণ আমরা যদি বাঁচতেই না পারি, তাহলে আমাদের টাকা-পয়সা দিয়ে কোনো লাভ নেই।’

এরপর প্রতিমন্ত্রী উপজেলার বাউশিয়ায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। পরে উপজেলা অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

0d0ac8ae-4735-4357-980b-5c7437519ae6

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই পলিথিন ও প্লাস্টিক দূষণমুক্ত বাংলাদেশ। প্রাকৃতিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আপনারা গাছ লাগান, সেই গাছের পরিচর্যা করুন। একদিন এই গাছই আপনাদের সম্পদে পরিণত হবে।’

তিনি বলেন, সরকার ইতোমধ্যে দেশে ৩ কোটি গাছ রোপণ করেছে। আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

94ce8a67-b7b3-4eab-b88e-1d6d3beac405

প্রতিমন্ত্রী আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন পচনশীল নয়। ফলে এগুলো দীর্ঘদিন পরিবেশে টিকে থেকে মাটি ও পানিদূষণ ঘটায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় পলিথিন ও প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস