জেলা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম
নড়াইল জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্যসচিব মো. শোয়েব মিনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) কৃষকদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১ ফেব্রুয়ারি মো. শোয়েব মিনাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে বহাল করা হয়েছে। এ সিদ্ধান্ত ৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

চিঠিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা কৃষকদলের সদস্যসচিব মো. শোয়েব মিনাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রুবেলকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে গঠিত নড়াইল জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটিতে হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. শোয়েব মিনাকে সদস্যসচিব করা হয়েছিল।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে প্রায় সাত মাস পর নড়াইল জেলা কৃষকদলের সদস্যসচিবের পদে ফিরলেন মো. শোয়েব মিনা।
প্রতিনিধি/এসএস