জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে হানিফ মুন্সি নামে এক কৃষকের দুটি গরু মারা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের নেহালগঞ্জ বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় হানিফ মুন্সি মাঠ থেকে গরু দুটি এনে গোয়ালঘরে বেঁধে রেখে নিজ বসতঘরে চলে যান। কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থামার পর গোয়ালঘরে গিয়ে তিনি গরু দুটিকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গরু দুটির মৃত্যু হয়েছে বলে দেখতে পান।
কৃষক হানিফ মুন্সি বলেন, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আমি বিল থেকে গরু দুটি এনে গোয়ালঘরে বেঁধে রাখি। হঠাৎ ৪-৫টি বিকট বজ্রপাতের শব্দ শুনতে পাই। প্রতিটি বজ্রপাতের সময় আগুনের ফুলকির মতো দেখা যাচ্ছিল। ধারণা করছি, গোয়ালঘরের পাশেই বজ্রপাত হওয়ায় এর তাপে গরু দুটি মারা গেছে। গবাদিপশু দুটি ছিল সংসার চালানোর একমাত্র অবলম্বন। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, আপনার মাধ্যমে ঘটনাটি জানতে পারলাম। বিষয়টি জেনে ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
প্রতিনিধি/এলএ