Dhaka Mail Logo

সারাদেশ

ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

ফেনী পৌরসভায় গৃহমালিকদের ওপর অস্বাভাবিক হারে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে এবং পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভার প্রধান ফটকের সামনে ভুক্তভোগী গৃহমালিক ও সুশীল সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- শুকদেব নাথ তপন, রবিউল হক রবি, বেলাল পাটোয়ারী, ওমর ফারুক, রাসেল পাটোয়ারী ও সোহেল ভূঞাসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আয় ও বাড়ির বাস্তব অবস্থা বিবেচনা না করেই পৌরসভা কর্তৃপক্ষ হঠাৎ করে আগের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এতে সাধারণ গৃহমালিকদের ওপর অন্যায্য ও মারাত্মক আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। নাগরিকরা নিয়মিত কর ও ফি পরিশোধ করা সত্ত্বেও এই অস্বাভাবিক কর বৃদ্ধি তাদের চরম বিপাকে ফেলেছে।

বক্তারা অবিলম্বে এই অতিরিক্ত কর প্রত্যাহার করে স্বচ্ছতা ও যৌক্তিকতার ভিত্তিতে ট্যাক্স পুনর্মূল্যায়নের দাবি জানান। দাবি মানা না হলে আগের নিয়মেই ট্যাক্স দেওয়ার ঘোষণা দেন তারা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিনের দ্রুত পদত্যাগ দাবি করেন বক্তারা।

সভাপতির বক্তব্যে মাসুদ পারভেজ হুঁশিয়ারি দিয়ে বলেন, হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার ও যৌক্তিকভাবে পুনঃনির্ধারণ করা না হলে পরবর্তীতে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

অভিযোগের বিষয়ে ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন জানান, তিন বছর আগের যাচাইকৃত তথ্যেরভিত্তিতেই এই হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। তবে কোনো গৃহমালিকের ট্যাক্স নিয়ে অভিযোগ থাকলে বিধি অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এলএ