Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাট ক্ষেতলালে অবৈধ মজুদের ৫৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে এক ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুদ রাখা ৫৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

একই সঙ্গে বৈধ লাইসেন্স ছাড়াই সার মজুদ ও বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঠানপাড়া বাজারে অভিযান চালিয়ে সার জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ​জনস্বার্থে ও কৃষি খাতের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Illegally_stocked_fertilizer_seized_in_Joypurhat_‍and_businessman_fined
জয়পুরহাট ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদের দোকানে উপজেলা পরিষদের ভ্রাম্যমাণ আদালত। ছবি- ঢাকা মেইল

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পাঠানপাড়া বাজারের মেসার্স নুর ইসলাম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও খুচরা সার বিক্রেতা মো. আবু হাসান লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে সার মজুদ করে বিক্রি করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সির নেতৃত্ব সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, ‘বৈধ কোনো লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে দোকানটি থেকে মোট ৫৭ বস্তা সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪৯ বস্তা এমওপি, ৫ বস্তা টিএসপি এবং ৩ বস্তা ডিএপি সার ছিল। পরবর্তীতে উপস্থিত স্থানীয় কৃষকদের মাঝে এসব সার সরকার নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়েছে।’

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম