জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক ইসলামি বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ আনসারীর বাড়িতে ঢুকে পেট্রোল ঢেলে একটি প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো নিজের ব্যক্তিমালিকানা প্রাইভেটকার ঘরের সামনে পার্কিং করে ঘুমিয়ে পড়েন আলোচিত ইসলামি বক্তা সাঈদ আনসারীর ভাই আসাদ আনসারী। রোববার ভোরে বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।
এ সময় অজ্ঞাত এক ব্যক্তি ঘরের সামনে রাখা করোলা ব্রান্ডের প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীকে শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর থানার তদন্ত ওসি কুতুবউদ্দিন আহমেদ। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এএইচ