জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জুয়েল শিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, খাইরুল শিকদার (৪০), তার তিন ভাই জামিরুল শিকদার (৩৫), রেজাউল শিকদার (৩০) ও ইকরামুল শিকদার (২৪), খাইরুলের স্ত্রী মুক্তা বেগম (৩৮) এবং তাদের মা কুলসুম বেগম (৫৫)।
ভুক্তভোগী খাইরুল শিকদারের অভিযোগ, একই গ্রামের রুহুল শিকদারের ছেলে জুয়েল শিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত সপ্তাহে তিনি জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করলে তাকে ও তার ভাইদের হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন খাইরুল।
তিনি বলেন, ওই ঘটনার জের ধরে শনিবার রাতে তিনি ও তার তিন ভাই বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় জুয়েল শিকদার, রুলু শিকদার, ইউনুস শিকদার, আসসাব শিকদার, আমানত শিকদার, ইউসুফ শিকদার, সিয়াম শিকদার, ইয়ামুল শিকদার, রাফিন শিকদার ও রুপোসি বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা চাপাতি, রামদাসহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও মারধর করে আহত করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, হামলার সময় তার স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের নড়াইল জেলা হাসপাতালে রেফার্ড করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জুয়েল শিকদার ও অন্যন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। যে কারণে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এআরএম