Dhaka Mail Logo

সারাদেশ

টমটম ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগ, ইয়াবাসহ যুবদল নেতা আটক

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম

ফেনীতে রমজান আলী (৩৫) নামের এক যুবদল নেতাকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে এ ঘটনা ঘটে।

রমজান আলী চোছনা গ্রামের জমিদার বাড়ির অলি আহমদের ছেলে। তিনি শর্শদী ইউনিয়ন যুবদলের সমন্বয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক।

এলাকাবাসীর অভিযোগ, গণঅভ্যুত্থানের আগে রমজান আলী পাশের একটি কারখানায় স্বল্প বেতনে চাকরি করতেন। ৫ আগস্টের পর চাকরি ছেড়ে তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন। কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে মাদকসহ আটক করলেও থানায় নেওয়ার আগেই অজ্ঞাত কারণে তিনি ছাড়া পেয়ে যান বলে দাবি তাদের। তার টমটমের ব্যবসাও রয়েছে। এই ব্যবসার আড়ালে মাদক কারবার চালানোর অভিযোগে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।

disss

স্থানীয় লোকজন জানান, শনিবার রাতে রমজান আলীর স্ত্রীর অনুরোধে তারা তার বাড়িতে তল্লাশি চালান। এ সময় কয়েকটি ইয়াবা বড়ি ও একটি লাইটার পিস্তলসহ তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

শর্শদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সরোয়ার আলম ভূঁইয়া বলেন, রমজান আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তার কারণে এলাকায় দলের বদনাম হচ্ছে। তিনি বলেন, ‘আমি উপস্থিত থেকে গতকাল তার ঘরে অভিযান চালিয়ে মাদক পাই। পরে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছি।’

ফেনী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখর উদ্দিন রমজান আলীকে থানায় আনার কথা নিশ্চিত করেছেন। তবে কতটি ইয়াবা উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আটক যুবকের বিরুদ্ধে মামলা রেকর্ড করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস