Dhaka Mail Logo

সারাদেশ

বিদেশি পিস্তল নিয়ে দুলাভাইকে হুমকি, শ্যালক গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ ওসমান প্রামাণিক (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তার বিরুদ্ধে মামলা করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসমান প্রামাণিক একই ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান প্রামাণিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চুরির অভিযোগে ২০২৪ সালে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে থানায় একটি চুরির মামলাও রয়েছে।

শনিবার রাতে পাওনা টাকা আদায়ের জন্য ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবনগ্রামের দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা না পেয়ে পিস্তল দেখিয়ে দুলাভাইকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ আটক করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা সংক্রান্ত বিরোধের জেরে ওসমান প্রামাণিক তার দুলাভাইকে বিদেশি পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস