Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে বিল থেকে বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

নিখোঁজের এক দিন পর মাদারীপুরের একটি বিল থেকে রুদ্র দাস (৪৫) নামের এক বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুদ্র দাস ডাসার উপজেলার ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাক্‌প্রতিবন্ধী রুদ্র দাস দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।

রোববার সকালে ডাসারের খিলগ্রামের ডাইয়ার বিলে আব্দুর রাজ্জাক নামের এক শ্রমিক কৃষিকাজ করতে যান। এ সময় তিনি পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রুদ্র দাসের বলে শনাক্ত করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস