জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম
নারায়ণগঞ্জে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক কারবারি, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১২২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার সাতটি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং সাতজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের অন্যান্য সদস্যরা সমন্বিতভাবে অভিযানে অংশ নেন।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়ে বলেন, ‘একটি নিরাপদ ও মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে এই বিশেষ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
প্রতিনিধি/এসএস