জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে হামের উপসর্গ ও নিশ্চিত হামসহ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। একই সময়ে নতুন করে ১১২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে বিভিন্ন হাসপাতালে ১১২ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৬৬ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে মারা গেছেন সুমাইয়া (১৮) নামের এক তরুণী। তিনি মৌলভীবাজারের বাসিন্দা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৬৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৫৮ জনের মধ্যে ১৪৮ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী ছিলেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ জন ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৪৬৬ জনের মধ্যে ১৯১ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১৪১ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৫ জনসহ অন্যান্য জেলা ও উপজেলা হাসপাতালে বাকি রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।
প্রতিনিধি/এসএস