জেলা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
ফেনীর দাগনভূঞায় এক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে করা মামলায় নিজাম উদ্দিন নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার হেফজখানার এক আবাসিক ছাত্র গত ১ আগস্ট রাতে বলাৎকারের শিকার হয়। বিষয়টি জানতে পেরে ছাত্রটির বাবা বাদী হয়ে গত ২৯ আগস্ট দাগনভূঞা থানায় মামলা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নিজাম উদ্দিন আত্মগোপনে ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তিগত সহায়তায় দাগনভূঞা থানা-পুলিশের একটি দল নোয়াখালীর চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আত্মগোপনে থাকা নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিনিধি/এসএস