Dhaka Mail Logo

সারাদেশ

ভোলায় মোটরসাইকেল চুরি, জিপিএস ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

ভোলার বোরহানউদ্দিনে চুরি হওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের R15-M মোটরসাইকেল জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কবির বিশ্বাসের সিএইচপি পরিত্যক্ত ইটভাটার সামনের সড়ক থেকে সিয়াম হোসেন রনির মোটরসাইকেলটি চুরি হয়।

চুরির পরপরই বোরহানউদ্দিন থানা-পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। পাশাপাশি মোটরসাইকেলটিতে আগে থেকেই সংযুক্ত জিপিএস ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে সেটির অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে।

পুলিশের তথ্য অনুযায়ী, জিপিএস এর মাধ্যমে মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। পরে ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৬টার দিকে বরিশালের লাহারহাট স্পিডবোট ঘাট এলাকা থেকে শাকিল হোসেন (২২) ও নিহাদ (১৯) নামের দুই যুবককে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল হোসেন বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া এলাকার মো. আলমগীরের ছেলে এবং নিহাদ একই এলাকার মো. হাসানের ছেলে। পরে মোটরসাইকেলটির মালিক সেটি শনাক্ত করলে পুলিশ তা জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক সিয়াম হোসেন রনি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর বোরহানউদ্দিন থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস