Dhaka Mail Logo

সারাদেশ

ফুলছড়িতে তারেক রহমানকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, থানায় অভিযোগ

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফুলছড়ি থানায় অভিযোগটি করেন মাহমুদুল হাসান (৩৪)। তিনি ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মাহমুদুল হাসানের দাবি, অভিযুক্ত ব্যক্তিদের কয়েকজন আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পদে রয়েছেন। তারা বিভিন্ন সময়ে ফেসবুকে তারেক রহমানকে ব্যঙ্গ করে ছবি ও পোস্ট প্রকাশ এবং আপত্তিকর ভাষায় মন্তব্য করেছেন।

অভিযোগকারী আরও বলেন, গত ১১ আগস্ট এ ধরনের পোস্ট না দেওয়ার জন্য অভিযুক্তদের অনুরোধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকেসহ দলীয় নেতাকর্মীদের গুম ও খুনের হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস