Dhaka Mail Logo

সারাদেশ

বিনামূল্যে ২৪৫ জনের চক্ষু পরীক্ষা, ৪৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম

নড়াইলের কালিয়া উপজেলায় ২৪৫ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে বাছাই করা ৪৫ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোলী গ্রামে এ চক্ষু পরীক্ষা করা হয়।

খানকাহ্ পাড়া সবুজ সংঘের আয়োজনে এবং যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যের এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানকাহ্ পাড়া সবুজ সংঘের উপদেষ্টা ও হাবিবুল আলম বীর প্রতীক কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হক আবু জাফর, সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রশান্ত পোদ্দার, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কাউন্সেলর দেলোয়ার হোসেন, সবুজ সংঘের অর্থবিষয়ক সম্পাদক শাহ্ মোহাম্মদ এনায়েত কবির কাজল, আলফাজ শেখ, বাদশাহ শেখ ও আদনান খানসহ অনেকে।

চক্ষু পরীক্ষা করাতে আসা ইমরান শেখ ও নাদিরা বেগম বলেন, ‘আমাদের এলাকার তরুণ ও যুবসমাজের এই আয়োজনের জন্য আমরা অনেক খুশি হয়েছি। বাড়ির কাছে কোনো টাকা-পয়সা ছাড়াই চোখ দেখাতে পেরে ভালো লাগছে।’

খানকাহ্ পাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, ‘পিরোলী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ২৪৫ জন চক্ষু পরীক্ষা করাতে এসেছেন। এবারের আয়োজনে বয়স্কদের চোখের সমস্যা দেখা হয়েছে। পরবর্তী সময়ে শিশু-কিশোর, যুবক ও শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা হবে। তাদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।’

পিরোলী গ্রামের বাসিন্দা ও কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ বলেন, ‘খানকাহ্ পাড়া সবুজ সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও যেন স্বেচ্ছাসেবী সংগঠনটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখে।’

প্রতিনিধি/এসএস