Dhaka Mail Logo

সারাদেশ

ছয় দফা না মানলে তা এক দফায় রূপ নেবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা প্রতিনিধি

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ এএম

সরকারের রাষ্ট্র পরিচালনার অদক্ষতা ও অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়েছেন, জনকল্যাণে পেশ করা ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তা এক দফার আন্দোলন বা সরকার পতনের দাবিতে পরিণত হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের চরম অদক্ষতা স্পষ্ট। জনগণের ৭০ শতাংশ গণরায় তারা অমান্য করেছে, ফলে জনগণের প্রতি সরকারের আর কোনো আস্থা নেই।

তিনি বলেন, ওসমান হাদিসহ সাম্প্রতিক সময়ে নিহতদের বিচার দাবি করে বলেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণেরা প্রস্তুত উল্লেখ করে এনসিপির এই নেতা আরও বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে শহীদদের ও ন্যায়-ইনসাফের বাংলাদেশ।

উল্লেখ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

প্রতিনিধি/ এজে