Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচন সম্পন্ন, চলছে ভোট গণনা

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটে সাত পদের নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দিনভর ভোটারদের মাঝে ছিল উৎসবের আমেজ। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে চলে ভোটগ্রহণ। ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২৮) ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদে মোট ৪৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।

রেডক্রিসেন্ট ইউনিট সূত্রে গেছে, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনের ভোটে ৪৫জন প্রার্থীর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৫ জন ও ৫টি সদস্য পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হক, জেলা জামায়াতে ইসলামের চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ।

সেক্রেটারি পদের প্রার্থীরা হলেন, বর্তমান সেক্রেটারি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মোস্তাফিজুর রহমান ও জামায়াত অ্যাডভোকেট এডভোকেট মো. শাহ ওয়াসিম। এছাড়া ৫টি সদস্য পদের বিপরীতে ভোটের মাঠে ছিলেন ৩৭জন প্রার্থী।

শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়। তবে ভোটার উপস্থিতি থাকায় বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। রেড ক্রিসেন্ট নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।

নির্বাচন কমিশনার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন বলেন, দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষের মাঝে ভোট দেয়া নিয়ে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৪ হাজার ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রতিনিধি/ এজে