জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
দেশের বর্তমান গণতান্ত্রিক অর্জনকে নষ্ট করতে অতীতের মতো একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে জনগণের সামনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, আজ একটি পক্ষ বলছে বিএনপি তাদের অঙ্গীকার থেকে সরে এসেছে। কিন্তু বিএনপি অঙ্গীকার থেকে সরে আসার দল নয়। অতীতেও জনগণের সামনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার রক্ষা করা হয়েছে, বর্তমানেও জনগণের অঙ্গীকার রক্ষা করে দেশ পরিচালনা করা হচ্ছে।’ বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা কেবল একটি রাজনৈতিক দলের জন্ম নয়, বরং এটি একটি সুদূরপ্রসারী রাষ্ট্রচিন্তার ফল। দেশের বিভিন্ন সংকটে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং প্রতিটি সংকটে দেশকে খাদের কিনারা থেকে উত্তরণের চেষ্টা করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে।
তিনি আরও বলেন, দলের ৪৮ বছরের পথচলা মোটেও সহজ ছিল না। প্রতিনিয়ত নানা প্রতিকূলতা ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে দলের নেতাকর্মীদের। বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রার জন্যও অনেক ত্যাগ ও রক্ত দিতে হয়েছে।
নার্গিস বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রাকে সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি দেশ ও জনগণের ভবিষ্যৎ নিশ্চিত ও নিরাপদ করতে হবে।’
আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিনিধি/ এজে