জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
বিয়ের মাত্র ১৭ দিন পর শ্বশুরবাড়ি থেকে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের রহিম সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, ১৭ দিন আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের সঙ্গে খালিদ হাসানের বিয়ে হয়। বিয়ের পর শুক্রবার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি গোবরা গ্রামে ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সানজিদা বাইরে থেকে ঘরে ঢোকার জন্য দরজায় গিয়ে সেটি বন্ধ পান। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকান তিনি। এ সময় স্বামী খালিদকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা খুলে খালিদকে উদ্ধার করেন।
পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। খালিদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে খালিদ আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি।
প্রতিনিধি/এলএ