Dhaka Mail Logo

সারাদেশ

জামালপুরে হাসপাতালের দুরাবস্থা দেখে ক্ষুব্ধ বিমানমন্ত্রী মিল্লাত

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

জামালপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী ৮৬৭ জন। একটি ইনকিউবেটরে রাখা হচ্ছে তিনটি নবজাতক। ৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা ভবনেই চলছে চিকিৎসাসেবা। এমন দুরাবস্থার চিত্র দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যদি কোথাও হয়ে থাকে, তাহলে এই হাসপাতালে এসে হয়েছে। বাংলাদেশের কোথাও এমন পরিস্থিতি আছে বলে আমার জানা ছিল না।’ 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। 

তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি আজ এই হাসপাতালে এসে হলো। হাসপাতাল দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনো দেখিনি।’ 

মন্ত্রী বলেন, ‘হাসপাতালে যেখানে ২৫০ রোগী থাকার কথা, সেখানে আজকে আছে ৮৬৭ জন। তাদের যে মানবেতর অবস্থা, এই অবস্থা দেখে আমি খুবই বিস্মিত। আমার জীবনে এরকম চিত্র চোখে পড়ে নাই। এরকম হাসপাতাল বাংলাদেশের কোথাও আছে, আমার জানা নাই, থাকার কথাও না। 

শিশু ওয়ার্ড ও ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাচ্চাকাচ্চাদের ইনকিউবেটরে একটা বাচ্চার জায়গায় তিনটা করে রেখে দিচ্ছে। এই বিল্ডিংটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ২০২১ সালে, তারপরও এখানে রোগী আছে।’ 

এসময় পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএইচ