জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাজপথে বিরোধী দলকে দমন নিপীড়ন করা হচ্ছে। আমাদের আঘাত দিলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকুন। বিরোধী দলের সহযোগিতা চাইলে ৬ দফার প্রতিটি দফা মেনে নিন।
শনিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীর পথসভায় এসব কথা বলেন তিনি।
ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহীমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নাহিদ আরও বলেন, আজকে আমরা পথসভায় অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এতে সরকারের বুঝে নেওয়া উচিৎ- মানুষ কী চায়। গণঅভ্যূত্থানকালে আমরা আশা করেছিলাম, দেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ-সন্ত্রাস থাকবে না। প্রত্যেকের কর্মসংস্থান নিশ্চিত হবে। কিন্তু আমরা দেখছি, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর একটি প্রতিশ্রুতিও রক্ষা করে নাই। বরং আমরা দেখছি, এ সরকার ক্ষমতায় যাওয়ার পর বিদ্যুৎ ও গ্যাস সংকটে মানুষের কর্মসংস্থান কেড়ে নেওয়া হচ্ছে। দেশ উল্টোপথে যাত্রা শুরু করেছে বলেই আমরা আজ লংমার্চ করতে বাধ্য হচ্ছি।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- লিবারেল ডেমোক্র্যেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতের ফেনী-১ আসনের সংসদ প্রার্থী কামাল উদ্দিন।
ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধি/এলএ