Dhaka Mail Logo

সারাদেশ

রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণ, গৃহবধূ গুরুতর আহত

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে বাঁশঝাড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও দুটি বসতঘর। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করেন রোকেয়া বেগম। এ সময় রান্নাঘরে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল একসঙ্গে বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে বাঁশঝাড়ে পড়ে। পাশাপাশি সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়রা আহত রোকেয়া বেগমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ বলেন, দুপুরে রোকেয়া বেগম নামে এক নারীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল, যা বোমা বিস্ফোরণের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১০ আগস্ট সন্ধ্যায় একই এলাকায় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হন। ওই ঘটনায় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত মান্নান সরদার (৭০) পরে মারা যান। এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার যে বাড়ির রান্নাঘরে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির মালিক ফারুক ছৈয়াল রেজাউল শিকদারের সমর্থক। তবে এ বিষয়ে রেজাউল শিকদার বলেন, আমি রাজনীতি করি। হয়ত সে আমার মিছিল-মিটিংয়ে যেতে পারে। আবার সে অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় সেখানকার বিএনপির মিছিল-মিটিংয়েও যেতে পারে। তবে সে যে সরাসরি আমার সমর্থক, এমনটা নয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তাই বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছেন না।

জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গেছে এবং একজন আহত হয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা সেখানে ককটেলগুলো মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে