Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর অফিসে ভাঙচুর-লুটপাট, ২১ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

চুয়াডাঙ্গার দর্শনায় এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে স্থানীয় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় গ্রেফতার যুবদল নেতা রকিবুল ইসলাম ব্রাইটকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

একই ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম।

গ্রেফতার দুজন হলেন দর্শনা পৌর যুবদলের সদস্য রকিবুল ইসলাম ব্রাইট ও কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ অমিন।

ব্যবসায়ী রফিকুল ইসলামের অভিযোগ, সম্প্রতি আমদানি করা পাথরের একটি চালান খালাসের কাজ নিয়ে অপর সিঅ্যান্ডএফ এজেন্ট মোহাম্মদ রায়হানের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের সুযোগ নিয়ে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। বৃহস্পতিবার রাতে তাকে ফোন করে ১০ লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে পরদিন তার অফিসে ভাঙচুর ও লুটপাট চালানোর হুমকি দেওয়া হয়।

রফিকুল ইসলাম জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লাঠিসোঁটা নিয়ে একদল লোক দর্শনা রেলগেট এলাকায় অবস্থিত তার অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফটোকপি মেশিন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তারা তার কক্ষে ঢোকার জন্য দরজাও ভাঙার চেষ্টা করে। এ সময় অফিসে থাকা ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং স্বাক্ষর করা দুটি ব্যাংক চেক লুট করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি।

খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে চারজনকে থানায় নেওয়া হয়। পরে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে যুবদল নেতা ব্রাইট ও ছাত্রদল নেতা অমিনকে গ্রেফতার দেখানো হয়। শুক্রবার রাতে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘মামলা দায়েরের পর গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

এদিকে শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাইটকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দর্শনা পৌর যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধি/ এজে