জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে মেদি আশুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বংখুরি গ্রামের হাশেম মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪৫), একই গ্রামের নাসিমা বেগম ও তার ছেলে আসাদুল (১৮)। এ ছাড়া অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের মেদি আশুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফিরোজা বেগম নিহত হন। এসময় অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে মারা যান আসাদুলের মা নাসিমা বেগম ও অপর এক অজ্ঞাত পুরুষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে আসাদুলের মা নাসিমা বেগম মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ