জেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
দেশের প্রথম শতভাগ স্কাউট রোভার জেলা হিসেবে গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জ। এই অর্জন ও কিশোরগঞ্জ জেলা রোভারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে স্কাউট রোভারদের অংশগ্রহণে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবীবুর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিক উল্লাহ, বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের মো. কামরুল আহসানসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট ও রোভার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশসেবার মানসিকতা গড়ে ওঠে। সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে স্কাউট রোভারদের সক্রিয় অংশগ্রহণ সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। কিশোরগঞ্জের শতভাগ স্কাউট রোভার জেলা হিসেবে স্বীকৃতি ও অর্জন জেলার স্কাউটিং কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করেন তারা।
আলোচনা সভা শেষে স্কাউট রোভারদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউটরা ইউনিফর্ম পরে এতে অংশ নেন। শোভাযাত্রায় স্কাউটিংয়ের বিভিন্ন বার্তা ও সচেতনতামূলক স্লোগান তুলে ধরা হয়। পরে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্কাউট রোভারদের অংশগ্রহণে গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ৩৬ বছরের পথচলায় কিশোরগঞ্জ জেলা রোভার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে। দেশের প্রথম শতভাগ স্কাউট রোভার জেলা হিসেবে কিশোরগঞ্জের এ অর্জন জেলার রোভারদের জন্য নতুন অনুপ্রেরণা তৈরি করেছে।
তারা আশা প্রকাশ করেন, এই অর্জনের ধারাবাহিকতায় কিশোরগঞ্জে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং তরুণ প্রজন্মকে সমাজ ও দেশের কল্যাণে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব হবে।
প্রতিনিধি/এএইচ