উপজেলা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
নারায়ণগঞ্জ সদর থানাধীন হকার্স মার্কেট এলাকা থেকে শুভ দাস(২৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ।
শনিবার ৫ (সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে খোকন মিয়ার বাড়ির সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)তারেক আল মেহেদী জানান, হকার্স মার্কেট সংলগ্ন রাস্তার মাথায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ আরো জানায়, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। তবে তাঁর শরীরে কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।
তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকার বিশার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তবে কীভাবে শুভ দাস গুলিবিদ্ধ হলেন, কারা তাকে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী এসব বিষয় তদন্ত করছেন পুলিশ।
প্রতিনিধি/ এজে