Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম

রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোরে দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে দেওয়ার ঘটনায় রাজশাহীর পরিবহন মালিকপক্ষ ক্ষুব্ধ হন। এর প্রতিবাদে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রাজশাহী থেকে ঢাকাসহ বাইরে যেতে চাওয়া যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে। 

এ বিরোধের সূত্রপাত কয়েক দিন আগে। গত ৩ সেপ্টেম্বর রাতে রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া রাব্বি পরিবহনের একটি বাস নাটোরে পৌঁছানোর পর সেটি আটকে দেওয়ার অভিযোগ ওঠে।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি থামিয়ে যাত্রীদের অন্য একটি বাসে তুলে দেয়। পরে রাব্বি পরিবহনের বাসটি নাটোরে রেখে দেওয়া হয়।

ঘটনার পর পাল্টা পদক্ষেপ হিসেবে রাজশাহীতে তুহিন পরিবহনের কয়েকটি বাস আটকে রাখা হয়। পরে নাটোরে রাব্বি পরিবহনের বাস ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের বাসও ছেড়ে দেওয়া হয়। এতে সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুই পক্ষের বিরোধের স্থায়ী কোনো সমাধান হয়নি।

এর মধ্যেই শনিবার সকালে নাটোরে রাজশিয়া থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখার খবর আসে। এরপর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিনিধি/এলএ