Dhaka Mail Logo

সারাদেশ

দিনাজপুরে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের কোচে আগুন

জেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

দিনাজপুরে পার্কিং করে রাখা শ্যামলী পরিবহনের একটি কোচে আগুন লেগে প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশে থাকা আরেকটি বাস রক্ষা করা সম্ভব হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর সদর উপজেলার বটতলী ট্রাক টার্মিনালে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ট্রাক টার্মিনাল এলাকায় শ্যামলী এনআর ট্রাভেলসের কয়েকটি বাস পার্কিং করে রাখা ছিল। ভোরে হঠাৎ একটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

এ সময় আগুন পাশের আরেকটি বাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয় চালক ও শ্রমিকেরা দ্রুত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নিলে সেটি আগুনের হাত থেকে রক্ষা পায়।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, ‘দিনাজপুর ট্রাকস্ট্যান্ডের ভেতরে শ্যামলী পরিবহনের তিনটি গাড়ি পাশাপাশি রাখা ছিল। আজ ভোরে হঠাৎ একটি গাড়িতে আগুন লাগে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।’

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস