Dhaka Mail Logo

সারাদেশ

সাভারে মাদরাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকসহ গ্রেফতার ৫

উপজেলা প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম

সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে টানা ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগে করা মামলায় মাদরাসার শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ও শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সাভারের শাহীবাগের মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, কামরুজ্জামান, তাহমিদ হাসান রাফি, মো. সাজেদুল ইসলাম সায়েম ও মোহাম্মদ বিন মুক্তার।

শনিবার দুপুরে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সাত বছর বয়সী ওই শিশু মাদরাসাটির ছাত্র। তাকে পর্যায়ক্রমে ধর্ষণের অভিযোগে গত ২৬ আগস্ট সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

রাকিবুল হাসান ঈশান বলেন, ‘মামলার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সাভার ও আশুলিয়া থানা-পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় যৌথ দল ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈরের চাপাইন এলাকা থেকে তাহমিদ হাসান রাফি, বরগুনার বেতাগী থেকে সাজেদুল ইসলাম সায়েম এবং সাভারের চাপাইন এলাকা থেকে মোহাম্মদ বিন মুক্তারকে গ্রেফতার করা হয়। মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেনকে ভোলার চরফ্যাশন এলাকা থেকে এবং কামরুজ্জামানকে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

প্রতিনিধি/এসএস